
ডে-নাইট নিউজ | ক্রীড়া ডেস্ক আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরুতে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে মাঠে নামে নাজমুল হোসেন শান্তর দল। তবে দিনের শুরুতে মাত্র ২৯ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারায় টাইগাররা।
সকালে তাইজুল ইসলাম ও নাঈম হাসান সতর্কভাবে ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আফগান পেসার মোহাম্মদ সেলিমের শর্ট বল সামলাতে না পেরে ৯ রানে ফিরে যান তাইজুল। অন্য প্রান্তে ধৈর্য ধরে ব্যাটিং করে দলের সংগ্রহ বাড়ান নাঈম হাসান। ৩৫ রানে অপরাজিত থাকেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।
আবুধাবির এই মাঠে প্রথম ইনিংসে গড় দলীয় সংগ্রহ ৩৬০ রান। সেই হিসাবে ভালো অবস্থানে থেকেও বড় সংগ্রহ গড়ার সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
ম্যাচের প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত মাত্র এক উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছিল বাংলাদেশ। একপর্যায়ে দলের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২২১ রান। কিন্তু এরপর মাত্র ১২৫ রানের ব্যবধানে বাকি আট উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর ব্যাট থেকে আসে ৮৩ রানের ইনিংস। এ ছাড়া সাদমান ইসলাম করেন ৬৭ রান এবং লিটন দাসের সংগ্রহ ৫৩ রান। তাঁদের ইনিংসের পরও চার শ রানের কাছাকাছি পৌঁছানো হলো না বাংলাদেশের।
আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সেলিম। ৮২ রান খরচায় চারটি উইকেট নেন তিনি, যার তিনটিই আসে শর্ট ডেলিভারিতে। ইয়ামিন আহমাদজাই ৭৯ রানে তিনটি এবং ইসমাত আলম দুটি উইকেট শিকার করেন।
এখন বাংলাদেশের লক্ষ্য হবে বল হাতে আফগানিস্তানকে দ্রুত চাপে ফেলা, যাতে প্রথম ইনিংসের ঘাটতি পুষিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়।